সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে উপকূলীয় বন উজাড়ের মাধ্যমে শিপ ইয়ার্ড করার প্রতিবাদে এলাকাবাসী বৃহস্পতিবার দুপুর ২টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
এলাকাবাসীর পক্ষে মোঃ আশরাফুদ্দৌলা রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সলিমপুর ভাটিয়ারী তুলাতুলি মৌজার সংরক্ষিত উপকূলীয় বন উজাড় করে শিপ ইয়ার্ড নির্মাণের নামে উদ্যোগ নেয় ব্যবসায়ী আবুল কাশেম। সে যে জায়গায় তার বিবিসি স্টিল নামে শিপ ইয়ার্ড করতে চায় সেখানে আমাদের এলাকার বেশ কয়েকজনের নিজস্ব জায়গায় চিংড়ি ঘের আছে। আর সলিমপুর ঝুনা মার্কেট এলাকার ১নং খাস খতিয়ানে কাট্টলী বন বিটের অধীনে সুবিশাল সরকারি বনভূমিও আছে। তা ছাড়া বাংলাদেশ গেজেটে তুলাতুলি মৌজায় শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ নিষিদ্ধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আশরাফুদ্দৌলা রহমান, মোঃ আমজাদ হোসেন, মোঃ নিদোয়ান উদ্দিন সাইমুন এবং মোঃ কায়ছারুল আলম প্রমুখ।
সীতাকুণ্ডে গুলিসহ দুইজন আটক
সীতাকুণ্ডে এসকেএম জুট মিলস এলাকা থেকে ৮ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টায় বাড়বকুণ্ডু ইউনিয়নস্থ এস কে এম জুট মিলস্ সংলগ্ন আলী চৌধুরী পাড়ায় ওসি (অপারেশন) মোঃ জাব্বারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইমাম হোসেন ইমন (২৮) নামে একজনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী আব্দুল আজিজ সুমনকে (২৯) মহালংকা বারৈয়াঢালা থেকে আটক করা হয়। সুমনের স্বীকারোক্তি মতে, জুট মিলস সংলগ্ন রেল লাইনের পাশে ১০ ফুট নিচে মাটি খুঁড়ে আরো ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের দুই জনকে আটক করে থানা হাজতে রাখা হয়। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, অস্ত্র উদ্ধারের জন্য তাদের ২ জনকে নিয়ে রাতে অভিযান চালানো হবে।
