খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পিছিয়েছে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৫১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১১টি মামলার শুনানির তারিখ পিছিয়েছে। এসব মামলা শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার এই দিন ধার্য করে দেন। মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। সব মামলার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পহেলা ফেব্রুয়ারি চিকিত্সাধীন অবস্থায় মারা যান এক যাত্রী। ঐ ঘটনায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ। ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এই আট মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়।