পশ্চিমবঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি!

জনতার আবেগ উপেক্ষা করতে পারি না : বিজেপির প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৫৩

বিজেপির প্রতিমন্ত্রী জন বার্লার পরে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মুখেও পশ্চিমবঙ্গ ভাগের কথা! গতকাল মঙ্গলবার মালদহে বিজেপির সম্মান যাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে নিশীথ বলেন, কলকাতায় একটা ফ্লাইওভার তৈরি করতে যা বাজেট থাকে, গোটা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তা বরাদ্দ থাকে না। উত্তরবঙ্গের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। দীর্ঘদিন ধরেই বঞ্চিত উত্তরবঙ্গ।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, তবে বার্লার মতো সরাসরি পৃথক উত্তরবঙ্গ রাজ্য তৈরির দাবি করেননি নিশীথ। বার্লার বঙ্গ বিভাজনের দাবি প্রসঙ্গে কোচবিহারের বিজেপি এমপি বলেন, ব্যক্তিগত মতামত দিতে চাই না। তবে আমরা জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছি। জনতার আবেগকে সম্মান জানানো আমাদের কর্তব্য। জনগণের       আবেগ যেদিকে থাকবে, আমাদের সমর্থনও সেদিকে থাকবে।

নিশীথের মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, হাস্যকর ও মিথ্যা অভিযোগ। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উন্নয়নে কাজ করেছেন। শুধু রেলমন্ত্রী থাকাকালে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গকে সারা ভারত এবং দক্ষিণবঙ্গের সঙ্গে যুক্ত করতে যতগুলো রেল দিয়েছেন, স্বাধীনতার পর থেকে সব রেলমন্ত্রী যোগ করেও তার সমান হতে পারেননি।

প্রসঙ্গত, বিধানসভা ভোটে হারের পর হঠাত্ করেই আলিপুরদুয়ারের বিজেপি এমপি জন বার্লা বঙ্গভাগের দাবি তোলেন। তার পরে তাকে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও করা হয়। মন্ত্রী হওয়ার পরেও ‘উত্তরবঙ্গের বঞ্চনা’ নিয়ে সরব বার্লা। পৃথক রাজ্যের দাবিও তুলেছেন একাধিকবার।

গত সপ্তাহে জলপাইগুড়ির এক সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও কার্যত জন বার্লার সুরেই ‘উত্তরবঙ্গের বঞ্চনা’র বিষয়টি তুলে রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, আজ যদি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ আলাদা হতে চায় তার সব দায়িত্ব মমতা ব্যানার্জির। সেই সঙ্গে বার্লার রাজ্য ভাগের দাবি সম্পর্কে দিলীপ বলেন, মানুষের কথা বললেই কি বিচ্ছিন্নতাবাদী বলতে হবে নাকি!