‘সিআরবিতে শহিদের কবরের ওপরে চট্টগ্রামবাসী কোনো হাসপাতাল চায় না’

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৫৩

সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি, পেশাজীবী ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দও নগরীর এই প্রাকৃতিক পরিবেশ রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। গতকাল মঙ্গলবার সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামের চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সিআরবি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. অনুপম সেন বলেন, ‘চট্টগ্রামের স্বার্থে সিআরবিকে রক্ষা করতে হবে। সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারো নেই। সিআরবি আমাদের প্রাণ। এই প্রাণ ছাড়া চট্টগ্রাম বাঁচবে না। সিআরবির পরিবেশ ধ্বংস করে শহিদের কবরের ওপরে চট্টগ্রামবাসী কোনো বেসরকারি হাসপাতাল চায় না। শতবর্ষী বৃক্ষরাজি, পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনোভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিনের সঞ্চালনায় গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ডা. মাহাফুজুর রহমান, ড. ইদ্রিছ আলী, অ্যাডভোকেট মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,           রতন কুমার রায়, বদরুল আনোয়ার চৌধুরী, সৈয়দ মোক্তার আহম্মেদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ফারুক, মোহাম্মদ আবু হানিফ, আবদুর রশিদ, নাজমুল আহসান খান আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, অ্যাডভোকেট আখতার কবির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক আবদুল আল মামুন, কাজী নাজমুল হক, শাহাদাত হোসেন প্রমুখ।