খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের কাছ থেকে বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল, মোবাইল ফোন ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডির সহকারী পুুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর লবণচরা থানার মোহাম্মদনগর এলাকার নজরুল ইসলামের ছেলে নাসিম এবং একই এলাকার মো. খোকন মোল্লার ছেলে হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ময়লাপোঁতা মসজিদের সামনে অভিযান চালায় সিআইডি। এ সময় সিআইডির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আনসার আল ইসলামের দুই সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়।
সিআইডি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের সামরিক শাখার সক্রিয় সদস্য। তারা বোমা ও আইইডি তৈরির কারিগর। জিজ্ঞাসাবাদের পর সোমবার বেলা ৩টার দিকে নাসিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি এয়ারগান, এয়ারগানের ৬৩টি গুলি, ২৮৩ গ্রাম গানপাউডার সদৃশ বস্তুসহ তিনটি কৌটা, ৪০৫টি বিয়ারিংয়ের বল, ৩০০ গ্রাম বারুদ ও ব্যাটারির গুঁড়ো, লিফলেট, চাঁদা আদায়ের রসিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়।
তারা উগ্রবাদী মতবাদ প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিল।
গ্রেফতার নাসিম নগরীর বানিয়াখামারের নজরুল ইসলামের ছেলে এবং হাসান শরীয়তপুরের সখীপুর থানার খাসগাজীপুরের খোকন মোল্লার ছেলে। দুজনই নগরীর লবণচরা থানার মোহাম্মদনগর এলাকায় বসবাস করেন। আটকের সময় অজ্ঞাত আরো পাঁচ-ছয় জন সহযোগী পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
