শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির জরুরি সভা গতকাল মঙ্গলবার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে রহমতগঞ্জ জে এম সেন হলস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালে অংশ নেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উত্সব বর্ণাঢ্য শোভাযাত্রাসহ কোনো রকম আয়োজন ছাড়াই শুধু ধর্মীয় বিধিমোতাবেক পূজা-অর্চনার মধ্যে পালিত হবে এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জন্মাষ্টমী উত্সবের পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, সারা দেশে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা কমিটি ও আঞ্চলিক কমিটির সম্মেলন হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এবার জন্মাষ্টমী উত্সবের খরচের অর্থ দিয়ে বিভিন্ন মঠ-মন্দির ও অনাথালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
রতন আচার্য্যের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদ কর্মকর্তা পরেশ চৌধুরী, চন্দন দাশ, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, তাপস কুমার নন্দী, আশীষ চৌধুরী, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, অমিত চৌধুরী, সলিল গুহ, লায়ন শংকর সেনগুপ্ত, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক প্রমুখ।
