মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে সোমবার এক গোপন বৈঠক করেছেন। এক প্রতিবেদনে এ দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। পোস্টের ঐ প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য ও মার্কিন নাগরিক এবং আফগান মিত্রদের সরিয়ে আনার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছে তালেবান, তা আরো বাড়ানো যায় কি না, সে সম্পর্কে আলোচনার জন্যই এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সিআইএ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আফগানিস্তান থেকে নিজেদের লোকদের সরিয়ে আনার সময়সীমা বাড়ানো যায় কি না, তা নিয়ে আলোচনার জন্য জি-সেভেনের সম্মেলনের আগেই এই গোপন বৈঠক অনুষ্ঠিত হলো। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বলছে, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে তাদের সব লোককে সরিয়ে আনা সম্ভব হবে না। অন্যদিকে তালেবানরা হুঁশিয়ারি দিয়েছে, আগস্টের মধ্যেই সব পশ্চিমা নাগরিককে আফগানিস্তান থেকে চলে যেতে হবে। অন্যথায় তাদের মনে ‘অন্য চিন্তা’ আছে বলে মনে করা হবে। দখলদারি মনোভাব নিয়ে আফগানিস্তানে অবস্থান করলে তালেবান পালটা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহারের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সেই সময়সীমার মধ্যেই তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায়। এ সময়সীমা আরো বাড়ানোর জন্য বিভিন্ন দেশ যে আহ্বান জানাচ্ছে, তাতে এখনো সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, আগের পরিকল্পনায় কোনো রদবদলের সময় এখনো আসেনি। মার্কিন সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়ানো হবে কি না, সে ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিগিগরই সিদ্ধান্ত নেবেন। পেন্টাগন বলেছে, তারা যাতে সময় হাতে রেখে প্রস্তুতি নিতে পারেন, সেভাবেই সিদ্ধান্তটি নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যান জানিয়েছেন, ওয়াশিংটন প্রায় প্রতিদিনই তালেবানের সঙ্গে আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক এবং নিরাপত্তা চ্যানেল দিয়ে। কিন্তু এখনো তালেবানের সঙ্গে সরাসরি কোনো আলোচনার কথা প্রেসিডেন্ট বাইডেন ভাবছেন না। তিনি বলেন, যত আমেরিকান আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে ৩১ আগস্টের সময়সীমার মধ্যেই উদ্ধার করে আনা সম্ভব বলে তার বিশ্বাস। তবে বাইডেন প্রতিদিনের পরিস্থিতি পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এদিকে, তালেবান মুখপাত্র জাবি উল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবান এখন আফগান নাগরিকদের কাবুল বিমানবন্দরে যেতে দেবে না। কারণ সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে। একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিমানবন্দরে ভিড় না বাড়িয়ে তাদের বাড়ি যাওয়া উচিত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অন্যদিকে, তালেবান বলেছে নারীদের আপাতত ঘরে থাকতে হবে। তবে ভবিষ্যতে তাদের কাজে যাবার ক্ষেত্রে বাধা দেওয়া হবে না। বর্তমান পরিস্থিতি নারীদের জন্য নিরাপদ নয় বলে তাদের নিজ নিজ বাড়িতে স্বজনদের কাছে থাকার আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি সবার জন্য নিরাপদ হয়ে গেলে তারাও ঘরের বাইরে এসে যার যার কাজ করবেন।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, তালেবান যোদ্ধারা আফগানিস্তানে বিরোধী পক্ষকে বিভিন্ন স্থানে গণহারে হত্যা করার যে অভিযোগ উঠেছে তার সত্যতা মিলেছে। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে আরো বলেছেন, মহিলাদের ওপর নিষেধাজ্ঞা এবং শিশু সৈনিক নিয়োগসহ অন্যান্য অধিকার লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
জবাবদিহিতা দাবি চীনের : এদিকে চীন বলেছে, আফগানিস্তানে মার্কিন সেনারা যেসব কর্মকাণ্ড চালিয়েছে সেগুলোর এবং তারা যেসব অধিকার লঙ্ঘন করেছে তার জন্য যুক্তরাষ্ট্র এবং অন্যান্য জোটের শরিকদের জবাবদিহি করতে হবে। জেনেভায় জাতিসংঘে চীনের দূত চেন জু সোমবার এই মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং অন্য দেশগুলোকে আফগানিস্তানে তাদের সামরিক বাহিনী মোতায়েন রেখেছে দীর্ঘদিন ধরে। এত বছর ধরে তারা সেখানে যেসব কর্মকাণ্ড করেছে তা জানার অধিকার দেশটির নাগরিকদের রয়েছে। এখন তারা চলে যাবার তোড়জোড় করছে, কিন্তু কিছুই খোলাসা করছে না। তিনি আরো বলেন, তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের নেতৃত্বে আফগানিস্তানে ইতিবাচক উন্নয়নের সম্ভাবনাকে সমর্থন করা।
নতুন মন্ত্রী-মেয়র-গোয়েন্দা প্রধান : আফগানিস্তানের নতুন অর্থমন্ত্রী, অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে তালেবান। আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে গুল আগা, অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম এবং গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নাজিবুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর : এদিকে, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। সংগঠনের মুখপাত্র জাবি উল্লাহ মুজাহিদ পাকিস্তানভিত্তিক আফগান ইসলামিক প্রেসকে (এআইপি) জানিয়েছেন, দ্য আফগানিস্তান ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলারের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। তারপর থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল। মার্কিন রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এখনো নাম রয়েছে তালেবানের। এ কারণে তারা আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তির অধিকার পাবে না।
কাবুল থেকে প্লেন ছিনতাই : আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থানরত ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে যাওয়া একটি প্লেন ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার অজ্ঞাত ব্যক্তিরা ঐ প্লেনটি ছিনতাই করে ইরানে নিয়ে গেছে। ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি।
