দুই দিনে বাদীকে ১২ ঘণ্টা জেরা বিবাদীর আইনজীবীদের

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২৩:০২

সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকতের পক্ষে জেরার মধ্য দিয়ে শেষ হলো টানা দুই দিন বাদীর সাক্ষ্যগ্রহণ। আসামিপক্ষের আইনজীবীরা মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসকে ১২ ঘণ্টা জেরা করেছেন। প্রথম দিন বাদীসহ তিন জন হাজিরা দিলেও বাদীর জেরা শেষ না হওয়ায় বাকিদের সাক্ষ্য নেওয়া হয়নি। দ্বিতীয় দিন মঙ্গলবার প্রথম দিনের অসমাপ্ত জেরা সকাল সোয়া ১০টা থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। শুরুতেই মামলার অন্যতম আসামি প্রদীপের পক্ষে বাদীকে জেরা করেন আইনজীবীরা। জেরার সময় বাদীকে মামলার মেরিটের বাইরেও বেশ কিছু প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবীরা। বাদীর জেরা শেষ হওয়ার পর দ্বিতীয় দিনের অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেনি আদালত। আজ বুধবার তাদের সাক্ষ্যগ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ফরিদুল আলম। পিপি বলেন, এর আগে সোমবার মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষী দেন। ঐদিন আসামিপক্ষের আইনজীবীরা তাকে পাঁচ ঘণ্টা জেরা করেন।

মামলার বাদী ও নিহত সিনহা মো. রাশেদের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস আদালতকে বলেন, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে খুন হন সিনহা মো. রাশেদ। এ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। তিনি অভিযুক্ত ১৫ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন আদালতের কাছে।

সাক্ষ্যগ্রহণের সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন মামলার অন্যতম আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ১৫ আসামি। আদালত পরিচালনা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অব. সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা হত্যা মামলায় ঐ বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।