দেশে কোভিড রোগী ৬৫ হাজার ৬৮৮

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৫৮

দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬৫ হাজার ৬৮৮ জন। যা আগের দিন ৬৯ হাজার ৪৬০ জন ছিল। জুলাইয়ে সক্রিয় রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছিল। এদিকে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৪ জনর মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে ৫ হাজার ২৪৯ জনের মধ্যে। এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ২৯ জুনের পর সবচেয়ে কম। সেদিন মোট ১১২ জনের মৃত্যুর খবর এসেছিল।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৭১৭ জন নতুন রোগী শনাক্ত এবং ১১৭ জনের মৃত্যু হয়। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন কোভিড রোগী শনাক্ত হলো; তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৫১৩ জনের। করোনা দেশে পুরুষের মৃত্যুর সংখ্যা বেশি থাকলেও টানা দুই দিন ধরে এ তালিকায় নারীরা ওপরে। গত এক দিনে যে ১১৪ জন মারা গেছেন তাদের ৫৮ জনই নারী। এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ৬৪৬ জন এবং নারী মারা গেছে ৮ হাজার ৮৬৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ২২৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। এখন পর্যন্ত ৮৭ লাখ ২১ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিনে মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে এক জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চার জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে এক জন মারা গেছে।