ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, বোয়ালখালীতে দুই দফায় আটক ১০৫

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৫৯

কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে পাহাড়ি লেবুবাগানে শ্রমিক হিসেবে কাজ করতে আসা ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানার পুলিশ। বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম ইত্তেফাককে গতকাল মঙ্গলবার বলেন, আটককৃত রোহিঙ্গাদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। এ নিয়ে বোয়ালখালীতে দুই দফায় কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা ১০৫ জনকে আটক করা হলো।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের বু-আলী কলন্দর শাহ (রহ.)-এর মাজার গেটসংলগ্ন ভাড়ায় বসবাসের বিভিন্ন কাঁচা ঘর থেকে ৩১ জন পালিয়ে আসা রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কম মজুরিতে লেবুবাগানসহ কৃষিজমিতে শ্রমিকের কাজের জন্য দালালদের মাধ্যমে এসব রোহিঙ্গাকে বোয়ালখালীর পাহাড়ি লেবুবাগানে আনা হচ্ছে। আটক মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এদের যথারীতি আদালতে সোপর্দ করা হবে। এর আগে গত ২৬ জুন রাতে করলডেঙ্গা পাহাড়ের পাদদেশ থেকে কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল বোয়ালখালী থানার পুলিশ।