রাজধানীর কদমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে মা ও শিশু হাসপাতালের সামনে এক জন এবং নতুন আলিবহর এলাকায় অপর জন ঘটনাস্থলেই নিহত হন। তাদের নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ। তবে নিহত দুজনেরই বয়স ৪০ থেকে ৪৫ এর মধ্যে। এদিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মা-মেয়েসহ তিন জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, নিহতদের শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় যাচাই করে দেখা হচ্ছে। দুপুরে আইনিপ্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মহাখালীর আমতলী এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় আহতরা হলেন, নুরুন্নাহার বেগম (৬০) ও তার মেয়ে ইশরাত জাহান চৈতি (২০)। তাদের বাড়ি গাজীপুর বোর্ড বাজার এলাকায়। আহত অপর জন অটোচালক মাসুদ খান (৫৫)। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা। বনানী থানার এসআই মো. নেসার উদ্দিন জানান, আমরা ঘটনার পরপরই অটোরিকশা ও বাসটি জব্দ করেছি। বাসচালককেও আটক করা হয়েছে।
