আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির উদ্যোগে শোকানুষ্ঠান

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০০:২৭

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির উদ্যোগে গতকাল বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শিরোনামে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল স্মরণ-শ্রদ্ধা, বঙ্গবন্ধুকে নিবেদিত রচিত কবিতা থেকে আবৃত্তি এবং অভিশপ্ত আগস্ট নামে একটি নাটক। ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির শোক-সম্ভাষণ প্রদান করেন সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্মৃতি থেকে বলেন, সেদিন ১৪ আগস্ট আমরা প্রস্তুতি নিচ্ছি। পরের দিন মুক্তির দূত শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে আসবেন। ক্যাম্পাস উচ্ছ্বিসত। বারবার মনে পড়ছে, প্রস্তুতি নিচ্ছিলাম বঙ্গবন্ধুর জন্য ভালোবাসার পুষ্পের পাপড়ি নিয়ে। কিন্তু ভোরের আলো ফোটার আগেই ভালোবাসার পুষ্পগুলো রক্তাক্ত হয়ে গেল। বত্রিশ নম্বরের বাড়িটি রক্তের সমুদ্র হয়ে গেল। ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায়ের জন্ম নিল বত্রিশ নম্বরে।

সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য সচিব অসীম কুমার উকিল এমপি তার অনানুষ্ঠানিক প্রারম্ভিকতায় ১৫ আগস্টের সব শহিদের প্রতি শ্রদ্ধা জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর, ডালিয়া আহমেদ ও শিমুল মুস্তাফা। শেষে পুলিশ নাট্যদলের অভিনীত অভিশপ্ত আগস্ট নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেন ডিআইজি হাবিবুর রহমান এবং পরিচালনা ও অভিনয়ে ছিলেন পুলিশের সদস্যবর্গ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য আমিরুল আলম মিলন এমপি প্রমুখ।