বিডিএসটিইএমের প্রতিযোগিতায় ৩৩টি প্রজেক্ট নির্বাচিত

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০০:২৯

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আইডিয়া শেয়ারিং এবং প্ল্যানিং বিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স (বিডিএসটিইএম)। গত সোমবার ভার্চুয়ালি নির্বাচিত ৩৩টি প্রজেক্ট উপস্থাপন এবং পরিকল্পনা প্রদানকারী দলকে পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

এতে বুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের দলসহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ের দল নির্বাচিত হয়েছে। বিডিএসটিইম জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক আল নকীব চৌধুরি বলেন, যে শিক্ষার্থীরা আজকে নির্বাচিত হয়েছে দেশ তাদের কাছ থেকে অনেক মূল্যবান কিছু পাবে বলে আমি মনে করি। অনুষ্ঠানে বিডিএসটিএমের জাতীয় কমিটির সেক্রেটারি জেনারেল ড. মঈদুস সামাদ খান, রুয়েটের অধ্যাপক ড. মো. তামিম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. রফিকুল ইসলাম, রুয়েটের সাবেক উপাচার্য রবিউল ইসলাম বেগ ওয়েবিনারে অংশ নেন। দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ২৩৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ৩৩টি প্রজেক্টকে নির্বাচন করা হয়েছে। সেরা তিনটি প্রজেক্ট পরিকল্পনা নির্বাচন করা হবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে বলে বিডিএসটিইএমের পক্ষ থেকে জানানো হয়। —প্রেস বিজ্ঞপ্তি