রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু কমেছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৬ জনের করোনার উপসর্গ ছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ১ জন ও কুষ্টিয়ার ২ জন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এদের মধ্যে ৩ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ৫১ বছরের ঊর্ধ্বে ১ জন, ৪১ বছরের ঊর্ধ্বে ১ জন, ৩১ বছরের ঊর্ধ্বে ১ জন ও ২১ বছরের ঊর্ধ্বে ১ জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন। বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২০৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।
তিনি আরও জানান, বুধবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২০৯ রোগীর মধ্যে ১০২ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫ জন।
শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৬১ শতাংশ বেড়ে সংক্রমণের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ হয়েছে। আগের দিন সোমবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ। এর আগে রবিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, শনিবার ছিল ১৯ দশমিক ১৯ শতাংশ, শুক্রবার ২৯ দশমিক শূন্য ২ শতাংশ, বৃহস্পতিবার ২৫ দশমিক ৩৬ শতাংশ, বুধবার ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ।
ইত্তেফাক/এমআর
