সবচেয়ে সুখি মানুষ

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:১৯

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন। সমপ্রতি কী এমন ঘটল তার জীবনে? তিনি ২৫ আগস্ট ভোর ৪টার দিকে নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যম ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ।’ মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ২৬ আগস্ট থেকে ‘মাফিয়া’  ওয়েব সিরিজের শুটিং শুরু করছি। সম্প্রতি চুক্তিবদ্ধ হলাম। শাহীন সুমনের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তার সঙ্গে সিনেমা করেই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু। এবার ওয়েব সিরিজ করছি। সেই আনন্দটাই সবার সঙ্গে ফেসবুকে শেয়ার করলাম। তাছাড়া আর কিছু না।’

ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্নের আগেই নায়িকা বললেন, ‘সবকিছু নিয়ে অনেক সুখে আছি। কাজে মন দিয়েছি।’

আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে ‘মাফিয়া’ তৈরি করছেন শাহীন সুমন। বিগ বাজেটের ওয়েব সিরিজটি ১৫০ পর্বে দেখতে পাবেন দর্শক। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল গত বছর। ২২ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় আবার এর দৃশ্যধারণ শুরু হয়েছে।

এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। এবার নতুন করে যোগ দিলেন মাহিয়া মাহিসহ মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি।

শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। আর এটি মুক্তি দেওয়া হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল ও অ্যাপে।