পীরগঞ্জ আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি, নীরব বিএনপি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৫

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

সংসদ নির্বাচনের রেস কাটতে না কাটতেই পীরগঞ্জে উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। উপজেলা আওয়ামী লীগ ইতোমধ্যেই একক প্রার্থী মনোনয়নের জন্য বর্ধিত সভা ও কার্যনির্বাহী কমিটির সভা করেছে। কিন্তু বৃহস্পতিবারের সভায় উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকেই একাধিক প্রার্থী নৌকার মাঝি হওয়ার দাবিদার হওয়ায় শেষ পর্যন্ত জেলা কমিটির মাধ্যমে তাদের তালিকা কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবারের সভায় যারা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম (সাবেক চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ও পীরগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের উক্ত পাঁচজনের প্যানেলের বাইরেও প্রার্থী আছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোফাখ্খারুল ইসলাম মানিক ও উপজেলা আওয়ামী মত্স্যজীবী লীগের সভাপতি হারুনুর রশিদ পারুল। শেষোক্ত দুইজন মনোনয়নের জন্য উপজেলা কমিটি এড়িয়ে সরাসরি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রের সাথে যোগাযোগ করছেন বলে জানা গেছে। প্রার্থীগণ সকলেই দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমের পাশাপাশি সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এর সাথে তারা ভোটারদের কাছেও নানা উপলক্ষে দৌড়ঝাঁপ করছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের। প্রার্থীরা সকলেই দাবি করেন নৌকার মনোনয়ন পেলে পীরগঞ্জ উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন।

এদিকে মহাজোটের শরীক দল জাতীয় পার্টি’র (এ) উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সহ-সভাপতি ও জাবরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস নির্বাচনী ময়দানে বিচরণ করলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রের নির্দেশনা না পাওয়ায় উপজেলা নির্বাচন নিয়ে নীরব রয়েছেন।