জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সার্ক দেশের মধ্যে প্রথম অবস্থানে বাংলাদেশ

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:৩২

এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে ২৭ (সাতাশ) ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ৫৯.৭৪ নম্বর পেয়ে সার্ক দেশগুলোর মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬০টি দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এ সূচকে বাংলাদেশ এবার ৩৮তম স্থানে উঠে এসেছে। গত ডিসেম্বর ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম।

এত অল্প সময়ে বাংলাদেশের ২৭(সাতাশ) ধাপ উন্নতি প্রসঙ্গে বাংলাদেশের সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, “সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি লাভ করছে। সাইবার নিরাপত্তায় বিজিডি ই-গভ সার্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এ ধরনের স্বীকৃতি আমাদেরকে সাইবার হামলা প্রতিহত করতে উত্সাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তত্পরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স- এনসিএসআই তৈরি করা হয়।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ৯৬ দশমিক ১০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে গ্রিস। এরপর ৯২ দশমিক ২১ স্কোর নিয়ে চেক রিপাবলিক এবং ৯০ দশমিক ৯১ স্কোর নিয়ে এস্তোনিয়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের অবস্থান সূচকের ১৭ নম্বরে, যুক্তরাজ্য আছে ১৯ তম অবস্থানে। প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র প্রতিনিধি সিঙ্গাপুরের অবস্থান ১৬ নম্বরে, শ্রীলংকা ৬৯তম, পাকিস্থান ৭০তম স্থানে। জাপান আছে ৩৪তম স্থানে, চীন আছে ৮৩তম স্থানে। সূচকে ৫৯ দশমিক ৭৪ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম স্থানে।

Reference Link: https://ncsi.ega. ee/country/bd/