চলে গেলেন ড্রামার চার্লি

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:৩৫

না ফেরার দেশে পাড়ি জমালেন বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। চার্লি ওয়াটসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

দ্য রোলিং স্টোনসের অফিশিয়াল টুইটারের গত ২৪ আগস্ট এই মুখপাত্র লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রিয় চার্লি ওয়াটস আমাদের ছেড়ে চলে গেছেন। লন্ডনের হাসপাতালে পরিবারের উপস্থিতিতেই শেষ যাত্রার পথে পাড়ি দেন চার্লি।’ উল্লেখ্য, ১৯৬২ ‘দ্য রোলিং স্টোনস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে চার্লি ওয়াটসের পথচলা শুরু হয়। চলতি মাসের শুরুতে ‘দ্য রোলিং স্টোনস’-এর আসন্ন মার্কিন সফর থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওয়াটস। এর আগে ২০০৫ সালে গলায় ক্যান্সার ধরা পড়েছিল তার। কিন্তু মরণ রোগের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি। ব্লুজ এবং ৫০-এর দশকের রক অ্যান্ড রোল সংগীতের অনুপ্রেরণা নিয়ে মৌলিক সংগীত তৈরি করেছিল ‘দ্য রোলিং স্টোনস’।