ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারের দ্বিতীয় বৃহত্তম মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা রেস অ্যাসেট ম্যানেজম্যান্টের ১০টি ফান্ডের আগের অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে গড়ে প্রতিটির ২৬১% হারে মুনাফা বেড়েছে। এর ওপর ভিত্তি করে ফান্ডগুলো থেকে ইউনিটহোল্ডারদের জন্য ২২১ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা সর্বোচ্চ ২৪টি ফান্ড পরিচালনা করা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের থেকেও ৬ কোটি টাকা বেশি। গতকাল বুধবার রেস ম্যানেজেমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি এই লভ্যাংশ ঘোষণা করেছে। এদিকে ফান্ডগুলো ১০ টাকা অভিহিত মূল্য বিবেচনায় লভ্যাংশ ঘোষণা করলেও অন্যদের ন্যায় রেস ম্যানেজমেন্টের ফান্ডের ইউনিট দরও ১০ টাকার নিচে অবস্থান করছে। যে কারণে প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) ফান্ডগুলোর ঘোষণার তুলনায় বেশি হবে।
