পিরোজপুরের কাউখালীতে বুধবার পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো কাউখালীর ডুমজুড়ি গ্রামের শাহাজালালের ছেলে মেহেরাব (৪)। একই উপজেলার গোপালপুর গ্রামের শেখর মৃধার ছেলে সায়োন মৃধা।
এলাকাবাসী জানান, ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মেহেরাব হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চিরাপাড়া টেম্পো স্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। মেহেরাব চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের মো. শাহাজালালের ছেলে। ছেলেকে নিয়ে নানা বাড়িতে যাবার পথে হঠাৎ শিশুটি দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগলে নীচে পড়ে গুরুত্বর আহত হয়। পরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেরাবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উক্ত গ্রামের শেখর মৃধার ছেলে সায়োন মৃধা (০৩) বাড়ির সামনের রাস্তার পাশের ডোবায় ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বিকেল ৪টার দিকে বাড়ির সামনে খেলা করতে ছিলো সায়োন মৃধা একপর্যায়ে সবার অজান্তে সে রাস্তার পাশের ডোবায় পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়। তাকে না দেখে কিছুক্ষণ খোঁজাখুজি করার পর ডোবায় তার স্যান্ডেল ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে তাকে ডোবার মধ্য থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সুব্রত কর্মকার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
ইত্তেফাক/এসআই
