স্পোর্টস রিপোর্টার
কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান বাংলাদেশের ফুটবলে শক্ত স্থান করে নিতে হুংকার দিয়েছেন। বাফুফের পাঠানো ভিডিও সাক্ষাত্কারে রাহবার ওয়াহেদ খান জানিয়েছেন, তিনি শুরুতেই মূল একাদশে জায়গা করে নিতে চান। জাতীয় ফুটবল দল ২৯ আগস্ট কিরগিজস্তান যাবে। সেখানে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। অন্য তিনদল হচ্ছে কিরগিজস্তান, ফিলিস্তিন এবং কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এই টুর্নামেন্টে খেলানোর জন্য বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেডি ডে প্রবাসী দুই ফুটবলারকে জাতীয় দলে সরাসরি অন্তর্ভুক্ত করেছেন। এক জন কানাডিয়ান অন্য জন ফ্রান্স প্রবাসী ফুটবলার নায়েব মোহম্মদ তায়েব ইসলাম। দুজনই বাংলাদেশ নিয়ে কথা বলেছেন ভিডিও সাক্ষাত্কারে।
কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান বলেছেন, ‘আমি একাদশে জায়গা করে নেওয়ার ফোকাস করছি।’ এই ফুটবলার জাতীয় দলের লাল সবুজ জার্সি গায়ে মুখিয়ে আছেন। গতকাল পাঠানো ভিডিওতে রাহবার বলেন, ‘আমি গোল করতে চাই। গোল করাতে চাই। দলের জন্য কাজ করতে চাই। আমার সঙ্গে কথা হয়েছে কোচের। তিনি আমাকে সব বুঝিয়ে বলেছেন। মুখিয়ে আছি মাঠে নামার জন্য।’
তাহমিদ ইসলাম দারুণ খুশি জাতীয় দলে ডাক পেয়ে। বলছেন, ‘আমি ডাক পেয়েছি, আমি আমার পারফরম্যান্স দিয়ে দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’ এই দুজনকে একাদশে জায়গা দেওয়ার আগে দলের অনুশীলনও করাননি কোচ জেমি। অথচ আগেই তাদের চূড়ান্ত দলে জায়গা করে দেওয়া হয়েছে। জেমি অবশ্য বলেছেন, ‘এটা তাদের জন্য পরীক্ষা। আশা করি ভালো করবে।’
প্রবাসী দুই ফুটবলারের খেলা ভিডিওতে দেখেছেন। তাদের খেলা ভালো লেগেছে। তাই কোচ ট্রায়াল না নিয়ে সরাসরি জাতীয় দলে নিয়েছেন। কানাডা এবং ফ্রান্স হতে সরাসরি কিরগিজস্তানে যোগ দেবেন দুজন।
কিরগিজস্তানে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি পরে তিনজাতি ফুটবল টুর্নামেন্ট নাম দেওয়া হয়েছে। এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার মূল টার্গেট হচ্ছে ১-১৬ অক্টোবর মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে ভালো দল নিতে যেতেই প্রবাসী ফুটবলার আনা হয়েছে। তারা যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে সাফেও থাকবেন।
এএফসি কাপে খেলতে যাওয়া বসুন্ধরা কিংসের ফুটবলাররা দেশে ফিরে আসছেন। এই দলের যেসব ফুটবলার জাতীয় দলে ডাক পেয়েছিলেন, কথা ছিল তারা মালদ্বীপ হতে সরাসরি কিরগিজস্তান চলে যাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বাফুফে জানিয়েছে, ভিসা এবং ফ্লাইট জটিলতায় সাত ফুটবলার ঢাকায় ফিরে আসছেন। ঢাকা হতে একসঙ্গে কিরগিজস্তান যাবেন।
