স্পোর্টস ডেস্ক
গ্রীষ্মকালীন দলবদলের বাকি আর মাত্র ছয় দিন। শেষ মুহূর্তে এসে সব আলোচনা এখন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে। ফরাসি সংবাদমাধ্যমগুলোর মতে, পিএসজি সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে চান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। তা জেনে রিয়াল মাদ্রিদও তাকে পেতে ১৬ কোটি ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ১৬০০ কোটি টাকার বেশি) বিশাল অঙ্কের দাম হাঁকায়। কিন্তু তাতে মন গলেনি পিএসজি ক্লাব কর্মকর্তাদের।
ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখেই রিয়াল মাদ্রিদে খেলার আগ্রহ জাগে এমবাপের। ২০১৭ সালেই মোনাকো থেকে স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার সুযোগ ছিল তার। কিন্তু রোনালদো, বেল, বেনজেমাদের ভিড়ে নিয়মিত একাদশে খেলতে পারবেন না বলে নাম লেখান পিএসজিতে। তবে পিএসজিকে জানিয়ে রেখেছিলেন, রিয়াল যদি কোনো আগ্রহ দেখায় তাহলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। পিএসজিও এমবাপেকে সেই কথা দিয়েছিল। কিন্তু সেজন্য রিয়ালকে বাড়াতে হবে টাকার পরিমাণ।
বার্সেলোনা থেকে লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পরপরই এমবাপেকে নিয়ে আলোচনা শুরু হয়। মেসি-নেইমারের মতো দুই বড় তারকার সঙ্গে খেলে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন তো, তা নিয়ে উঠে প্রশ্ন। পাশাপাশি তারকা খ্যাতি হারানোর শঙ্কা জাগে। তাই অনেকেই ভাবছেন, পিএসজি ছাড়বেন এমবাপে। তবে মেসির সঙ্গে চুক্তি করার দিনই পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জানিয়েছিলে, এমবাপের না থাকার কোনো কারণ নেই। বরং তার সঙ্গে নতুন চুক্তি করতে চায় ক্লাব।
কিন্তু এমবাপে সেই চুক্তির অফার ফিরিয়ে দেন। তাই পিএসজিও তাকে বিক্রি করতে চায় চড়া দামে।
