স্পোর্টস রিপোর্টার
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছরই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার নিয়ম রয়েছে। যদিও সেই নিয়ম মানার ধারাবাহিকতা কখনোই দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ২০১৭ সালে সর্বশেষ এজিএম করেছিল বিসিবি। চার বছর পর আবারও কাউন্সিলরদের স্মরণ করল দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। তাও বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষের দুয়ারে এসে।
গতকাল থেকেই ঢাকায় বিসিবির আতিথ্যে সময় কাটছে কাউন্সিলরদের। আজ রাজধানীর রেডিসন ব্লু হোটেলের বল রুমে অনুষ্ঠিত হবে বিসিবির এজিএম। বেলা ১২টায় শুরু হবে এজিএম।
গত ৭ জুলাই এজিএম হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রার্দুভাবে সেটি পিছিয়ে যায়। গত দুই বছরও একই কারণে এজিএম করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
গতকাল মিরপুর স্টেডিয়ামে এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আগামী ২৬ আগস্ট (আজ) আমাদের বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএম করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে।’
এজিএমকে ঘিরে প্রস্তুতি শেষ করেছে বিসিবি। গতকাল প্রধান নির্বাহী বলেছেন, ‘আমাদের প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন। ইতিমধ্যে আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠু, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারব।’
কাউন্সিলরদের সামনে বোর্ডের পেশাদারী কাঠামো, নিরবচ্ছিন্ন কার্যক্রম তুলে ধরতে চায় বিসিবি। সবকিছু মূল্যায়নের ভারও কাউন্সিলদের হাতে ছেড়ে দিচ্ছেন প্রধান নির্বাহী। গতকাল নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বোর্ডের লক্ষ্যতো সব সময়ই থাকে যেন পেশাদারিত্বের জায়গাটা বেশি করে পরিচয় করানো যায়। সেই চেষ্টাই করছি, বাকিটা আমাদের কাউন্সিলররা বলবে।’
আজ এজিএমে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ অর্থবছরে বোর্ডের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব তুলে ধরবেন প্রধান নির্বাহী। এছাড়া অডিট রিপোর্ট, বাজেট সার্বিক বিষয়গুলো এজেন্ডায় থাকবে। এবং তা অনুমোদন করবেন কাউন্সিলররা। তাদের সামনে তুলে ধরা হবে বোর্ডের অধীনে জাতীয় দলসহ অন্যান্য দলগুলোর সাফল্য। বিশেষ করে গত বছর যুব বিশ্বকাপ জয়ের অডিও ভিজ্যুয়াল উপস্থাপন করা হবে। বোর্ডের স্ফীত হয়ে উঠা কোষাগার সম্পর্কেও তথ্য পাবেন তারা। কাউন্সিলরদের জন্য আতিথ্যের কমতি রাখবে না বিসিবি। জানা গেছে, আজ এজিএম থেকে আর্থিক সুবিধাসহ বিভিন্ন উপহার নিয়ে ফিরে যাবেন কাউন্সিলররা।
