সমতা রেখে সিরিজ শেষ করল পাকিস্তান

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২১:৩৩

স্পোর্টস ডেস্ক

ঘরের মাটিতে ২০০১ সালের পর পাকিস্তানকে টেস্ট সিরিজে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রতিটিতেই প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে এসে খেই হারায় ওয়েস্টইন্ডিজ। তাই এবারও অধরাই থাকল সিরিজ জয়ের স্বপ্ন। এনিয়ে টানা তিন বার ১-১ এ সমতা রেখে সিরিজ শেষ করল পাকিস্তান। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৯ রানে ক্যারিবীয়দের হারিয়ে সফরের ইতি টানে বাবর আজমের দল।

৩২৯ রানের লক্ষ্য নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। অন্তত ড্র করলেই সিরিজ জয়ের আনন্দে মাতত তারা। কিন্তু শাহিন শাহ আফ্রিদির তোপে ২১৯ রানে অল আউট ক্রেগ ব্রেথওয়েটের দল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটসহ ম্যাচে ১০ উইকেট ও সিরিজে ১৮ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা-সিরিজ সেরা দুটো পুরস্কারই ভাগিয়ে নেন শাহিন। দুর্দান্ত এই পারফরম্যান্সে টেস্ট বোলিং র্যাংকিংয়ে ৮ নম্বরে উঠে আসেন এই পেসার।

দিনের শুরুতে জয়ের জন্য ৯ উইকেট দরকার ছিল পাকিস্তানের। নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকায় কোনো চাপেই পড়েনি সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিরোধ বলতে জেসন হোল্ডারের ৪৭ রান। এর আগে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ফাওয়াদ আলমের অপরাজিত সেঞ্চুরিতে (১২৪) প্রথম ইনিংসে ৩০২ রান তুলে পাকিস্তান। জবাবে ১৫০ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। একদিন বৃষ্টির পেটে চলে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান (১৭৬/৬) তুলে তাদের বড় লক্ষ্য দেয় বাবর আজমের দল।