মান্দা (নওগাঁ) সংবাদদাতা
ঢাকার আশুলিয়া থেকে অপহূত এক শিশুকে উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম সজিব(৭)। সজিবের মা মর্জিনা বেগম জানান, রবিবার সকাল ৯টার দিকে আমি কাজে চলে যাই। আমার অবর্তমানে স্বামী শহিদুল ইসলাম আগের স্বামীর পক্ষের সন্তান সজিবকে নিয়ে পালিয়ে যায়। সন্ধ্যায় বাসায় ফিরে শহিদুল ইসলাম ও শিশু সন্তান সজিবকে দেখতে পাইনি। ঘটনা আমি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করি। তিনি আরও বলেন, আশুলিয়া থানা পুলিশ মোবাইল ফোন ট্রাকিং করে জানতে পারেন স্বামী শহিদুল ইসলাম তার বাড়ি মান্দা থানা এলাকায় অবস্থান করছেন। পরবর্তীত আশুলিয়া থানার ওসি মান্দা থানার ওসির সঙ্গে আলোচনা করে শিশু সন্তানকে উদ্ধারের জন্য আমাকে সেখানে পাঠিয়ে দেন। মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, আশুলিয়া থানার ওসি ও অপহূত শিশু সজিবের মায়ের মুখে ঘটনার বিবরণ শুনে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশু সজিবকে উদ্ধার করা হয়।
