ফতুল্লায় প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ছবি এডিট করে এক তরুণীর অশ্লীল ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. বদিউজ্জামান হূদয় ওরফে বিদ্যুত্ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বিদ্যুত্ লালমনিরহাট জেলার সদর থানার কলমাটি খুনিয়াগাছের বাসিন্দা ও ঢাকার দক্ষিণখান থানার চালাবন্দের সজল ভিলার ভাড়াটিয়া। গতকাল বুধবার সকালে চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তরুণীর মামা বিদ্যুত্ ও রংপুর জেলার কাউনিয়া থানার সুজন মিয়াকে (৩২) আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর (টু) জানান, মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়ের মাসহ নিকটাত্মীয়দের ইমো নম্বরে এডিট করা বেশকিছু অশ্লীল ছবি পাঠায়। একই সঙ্গে বিবাহের ভুয়া কাবিনের কাগজের ছবি পাঠায়। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকাও দাবি করে।
