নিঃশর্ত ক্ষমা চাওয়ায় কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে ক্ষমা করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো সতর্ক থাকতে বলা হয়েছে। এ সংক্রান্ত আদালত অবমাননার রুল খারিজ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেয়।
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগের ঘটনায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে তলব আদেশে হাজির হয়ে ‘অসৌজন্যমূলক’ আচরণের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চান পুলিশ সুপার তানভীর আরাফাত। পরে তাকে বরিশালে বদলি করা হয়।
