৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য এবং আর্থিক বিবরণী জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিড ডট কম ডট বিডি।
চিঠিতে বলা হয়েছে, এই ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করারও অভিযোগ পাওয়া যাচ্ছে। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ জানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণ জানা দরকার। প্রতিষ্ঠানগুলো কোনো অর্থ সরিয়েছে কি না তাও জানা দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
