গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে আবেদনকারী শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার তথ্য দিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/reg/check-elegiblilit) থেকে এ ফলাফল জানা যাবে।
মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। প্রাথমিক ফল প্রকাশের পর বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথম ধাপের চূড়ান্ত আবেদন করতে পারবেন।
প্রথম ধাপের চূড়ান্ত আবেদন করার পর কতসংখ্যক আবেদন পড়েছে, তার ওপর নির্ভর করে পরবর্তী সময়ে দ্বিতীয় ও তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ এবং চূড়ান্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।
ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ বলেন, বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন। এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাত্ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। মানবিক বিভাগ, অর্থাত্ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ জন শিক্ষার্থী।
