আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ সংলাপের আহ্বান বাংলাদেশের

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:২৪

আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে অর্থপূর্ণ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফগানিস্তানের চলমান পরিস্থিতির ওপর অনুষ্ঠিত ৩১তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ আহ্বান জানিয়েছে। জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান অধিবেশনে অংশ নেন। তিনি বলেন, আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিতে আফগান নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ জরুরি।

অস্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে উল্লেখ করেন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, দায়িত্বশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

একটি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আফগানিস্তানের পুনর্গঠন ও আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি দক্ষিণ এশীয় অঞ্চলে আরেকটি মানবিক বিপর্যয় এড়ানোর জন্য জাতিসংঘকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোসহ শতাধিক দেশের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। অধিবেশন শেষে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তানে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা জোরদারকরণ’ শীর্ষক একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।