এবারও সংসদ টিভি দেখে অধিবেশনের সংবাদ সংগ্রহের অনুরোধ

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:২৫

মহামারিকালের অন্য অধিবেশনগুলোর মতো সংসদের আসন্ন চতুর্দশ অধিবেশনের সংবাদও সংসদ টেলিভিশন দেখে সংগ্রহ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়। আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় শুরু হচ্ছে সংসদের অধিবেশন।

গতকাল বুধবার সংসদ সচিবালয়ের ‘আসন্ন অধিবেশনে সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি নির্দেশনা’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক করোনা মহামারিজনিত ভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দকে পাশ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’