তিন পুলিশ প্রত্যাহার তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৩৬

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণকালে আসামি ওসি প্রদীপের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথোপকথনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কোর্ট পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে জেলা পুলিশ। বিষয়টি আদালতের নজরে আসার পর গতকাল বুধবার সকালে অভিযুক্ত ঐ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার হাসানুজ্জামান। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন আদালতে দায়িত্ব পালনকারী এএসআই শাহাবুদ্দিন, পুলিশ কনস্টেবল আবদুস সালাম ও আবদুল কাদের।

সূত্র জানায়, গত সোমবার থেকে সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম দিনে আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে কাঠগড়ায় বসে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলেন মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। তার ফোনে কথা বলার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় আদালত ও পুলিশসহ সংশ্লিষ্টদের নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিষয়টি আদালতে বিচারকের নজরে আনা হয়। এরপর বিচারক বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের সতর্ক করে দেন।

পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, বিষয়টি আদালতের নজরে আসার পর অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়। গতকাল সকালে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।