ইন্দুরকানীতে নিঁখোজের ৪ মাস পর কিশোরী উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৩৮

পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের প্রায় চার মাস পর দরিদ্র এক ভ্যানচালকের কিশোরী মেয়েকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ২ নম্বর পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চরনী পত্তাশী গ্রামের জিল্লুর রহমান ওরফে শান্তি জোমাদ্দারকে গতকাল বুধবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ঐ কিশোরীর বাড়ির পাশে একটি মাছের ঘের আছে শান্তির। সেই সুবাদে যাতায়াতের মধ্যে প্রায়শই ঐ কিশোরীকে উত্ত্যক্ত করত শান্তি। এক পর্যায়ে ঐ তরুণীকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের প্রলোভনও দেখায় সে। বিষয়টি জানাজানি হলে সে ঐ তরুণীর বাবাকেও হুমকি দেয়। এর ফলে বাধ্য হয়ে ঐ কিশোরীকে বিয়ে দিয়ে দেয় তার পরিবার। এতে মারাত্মক ক্ষিপ্ত হয় স্থানীয়ভাবে প্রভাবশালী শান্তি। বিয়ের কিছুদিন পর ঐ কিশোরী বাবার বাড়িতে এলে গত ১৬ এপ্রিল তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় সে। এরপর ঐ কিশোরীকে পার্শ্ববর্তী বাগেরহাটের মোরেলগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ে করে এবং কিছুদিন সেখানে রেখে পরে চট্টগ্রামে পাঠিয়ে দেয়। এরপর থেকে কোনো খোঁজ মিলছিল না ঐ কিশোরীর। এ ঘটনায় গত ১৩ আগস্ট কিশোরীর বাবা ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়ারি দায়ের করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঐ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে গতকাল ইন্দুরকানীতে নিয়ে আসে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে সকালে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়। পরে পিরোজপুর জেলা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।