চট্টগ্রামে বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৩৮

চট্টগ্রামে রাতভর টানা বৃষ্টিপাতের ফলে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর মুরাদপুর এলাকায় বৃষ্টির পানির তীব্র স্রোতে নালায় পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তার নাম সালেহ আহমদ (৬৫)। গতকাল দিনভর চেষ্টা করেও তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। এদিকে, বৃষ্টির কারণে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, প্রবর্তক মোড়, বাকলিয়া এলাকায় রাস্তায় পানি জমে যায়। গোলপাহাড়ের মতো অপেক্ষাকৃত উঁচু এলাকাতেও রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামেও বৃষ্টিপাত হচ্ছে যা আরো দুদিন অব্যাহত থাকতে পারে।

প্রবল বৃষ্টির কারণে গতকাল সকালে নগরীর বিভিন্ন এলাকায় কর্মজীবী মানুষজনকে কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হয়েছে। রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন না থাকার সুযোগ নিয়েছেন রিকশা চালকরা। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছেন তারা। বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশার কারণে রিকশা উলটে দুর্ঘটনা ঘটেছে। 

নগরীর মুরাদপুর পুলিশ বক্সের কাছে নালায় পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। আগ্রাবাদ ফায়ার স্টেশন জানায়, নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থলে যাই। কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে। উল্লেখ্য, গত ৩০ জুন নগরীর ষোলশহর ২ নম্বর গেটের মেয়র গলিতে বৃষ্টির সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গেলে দুই জনের মৃত্যু হয়। আহত হন তিন জন।