বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৪৫

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গেলে ফেয়ারওয়ে বয়া এলাকায় এফবি হাসান নামে একটি মাছ ধরা ট্রলারের তলা ফেটে গিয়ে জেলেসহ ট্রলারটি সাগরের ডুবে যায়। ঐ ট্রলারে মাঝি ফুল মিয়াসহ ১৫ জন জেলে ছিল। সবার বাড়ি বাগেরহাট জেলার রায়েন্দায়। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য এফবি হাজেরা নামের একটি ট্রলারসহ কয়েক জন জেলে রওনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে তা এখনো জানা যায়নি।

বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার রাতে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। রাত ১২টার দিকে হঠাত্ মজিবুর রহমানের মালিকানা এফবি হাসান নামে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ডুবে যাওয়ার খবর সমিতিতে জানায় এবং তারাও ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারে চেষ্টা চালায়।