ইত্তেফাক রিপোর্ট
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একনিষ্ঠভাবে কাজ করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তথ্যমন্ত্রী আরো বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তা বিনষ্ট হতে পারে না, হয়নি এবং হবেও না। তাই আপনাদেরকে অনুরোধ জানাব যে আজকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, এটা ইতিহাসের বিচার। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা সেখানেই যে, আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, আমাদের মতো উন্নতি অর্জন করতে চায়। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সার্থকতা সেখানেই যে আজকে সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে।
