স্ত্রীর পরকীয়ায় খুন হন ডিশ ব্যবসায়ী ইলিম

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৪৬

পাঁচ মাস পর প্রেমিকসহ গ্রেফতার স্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় নিজ ঘরে ডিশ ব্যবসায়ী স্বামী ইলিম সরকারকে (৪২) অজ্ঞান করে কুপিয়ে হত্যার ঘটনার পাঁচ মাস পর স্ত্রী ক্যামিলি সুলতানা (৩০) ও তার পরকীয়ার প্রেমিক রবিউল করিম পিন্টুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিন্টু আশুলিয়ার জামগড়া পল্লিবিদ্যুত্ জোনাল অফিসের লাইনম্যান ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরো একজন পলাতক রয়েছে।

পিবিআই জানায়, ইলিম সরকারের বাসায় বিদ্যুতের মিটার লাগানোর কাজ করতে এসে ক্যামিলির সঙ্গে ২০১৯ সালে পরিচয় হয় পল্লী বিদ্যুত্-এর লাইনম্যান পিন্টুর। এরপর তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ইলিম সরকার জানতে পারলে তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

পরিকল্পনা অনুযায়ী গত ২৮ মার্চ রাতে ক্যামিলি তার স্বামী ইলিমের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ডিশ ব্যবসার কোন্দলের বিষয়টি প্রচার করেন স্ত্রী ক্যামিলি। ঘটনার পরে সিসিটিভির হার্ডডিস্ক গায়েব করে দিয়ে পুলিশ ও পরিবারের সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা করেন ক্যামিলি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনও করেন তিনি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৮ মার্চ সকালে ঘুমের মধ্যেই ইলিম সরকারের কুপিয়ে হত্যা করেন স্ত্রী ক্যামেলি সুলতানা, পরকীয়া প্রেমিক ও তার সহযোগীরা। এ ঘটনায় পিন্টুর অপর সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।