ইত্তেফাক রিপোর্ট
৯৯৯ এ ফোন পেয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় লিফটে আটকা পড়া সাত জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মাটিকাটার ১৩৪/১ নম্বর লেক ক্যাসেল নামের একটি ১১তলা ভবনের লিফটে আটকা পড়েন তারা। পরে ভবনের মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
জাতীয় জরুরিসেবা ৯৯৯-এর ইন্সপেক্টর আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার ফরহাদ হোসেন নামে একজন ৯৯৯-এ কল করে জানান, তার মালিকানাধীন লেক ক্যাসেল ভবনের চার তলায় লিফটটি আটকে আছে। লিফটের ভেতর ৭ জন আটকা পড়ে। ভবনের নিরাপত্তা কর্মীরা লিফটের দরজা খোলার অনেক চেষ্টা করেও খুলতে ব্যর্থ হন। লিফটে আটকে পড়া কয়েক জন চিত্কার করে জানাচ্ছিলেন তাদের শ্বাসকষ্ট হচ্ছে। পরে ৯৯৯ তাত্ক্ষণিকভাবে কুর্মিটোলা ফায়ার স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।
সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। সফিকুল ইসলাম জানান, তারা হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে আটকে পড়া লিফট থেকে দুই শিশু ও চার নারীসহ সাত জনকে নিরাপদে উদ্ধার করেন।
