বরিশাল অফিস
বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ পার্কিং রোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকে মেট্রোপলিন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশনায় ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নগরীর নতুন বাজারসংলগ্ন এলাকায় অবৈধ পার্কিং রুখতে ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মো. সেলিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় সাতটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়াও হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৯টি যানবাহনে মামলা দেওয়া হয় এবং সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করায় মোটরসাইকেল উচ্ছেদ করে সড়ক ফাঁকা করে দেওয়া হয়।
ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত জানান, সড়কের দুই পাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার কারণে যানজটের সৃষ্টি হয়। কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না। এছাড়া হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।
বিশেষ এ অভিযানে সহকারী কমিশনার (ট্রাফিক) মো. খলিলুর রহমান, ট্রাফিক পুলিশের টিআই বিদ্যুত্ চন্দ্র দে, টিআই আ. রহিম, সার্জেন্ট ইমন, সার্জেন্ট নজরুল ইসলাম, সার্জেন্ট মেমীসহ বিএমপি ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
