মির্জাপুরে যানজটে দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৪৯

গোড়াই-সখীপুর সড়কে হাট

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরের গোড়াই-সখীপুর-ঢাকা সড়কের ওপর ঝুঁকিপূর্ণ একাধিক হাটবাজার বসায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে এক দিকে যেমন বাড়ছে সড়ক দুর্ঘটনা, তেমনি ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসছে।

মঙ্গলবার ঐ সড়কের বাঁশতৈল বাজারে দেখা গেছে, ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটে আটকে আছেন যাত্রীরা। যাত্রী ফারুক হোসেন ও আকতার হোসেন অভিযোগ করেন, গোড়াই-সখীপুর-ঢাকা একটি ব্যস্ততম সড়ক। মির্জাপুর, সখীপুর, ঘাটাইল, বাসাইল ও মধুপুর উপজেলাসহ পার্শ্ববর্তী জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও গাজীপুর জেলার শত শত যানবাহন এ সড়ক দিয়ে রাজধানী ঢাকায় চলাচল করে। এই সড়কের রোড়াই, হাটুভাঙ্গা, বাঁশতৈল, কাইতলা, তক্তারচালা, দেওদীঘি, নলুয়াসহ বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে অবৈধ হাট ও বাজার বসার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। সড়কের ওপর হাটবাজার বসার ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

বাঁশতৈল ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন বলেন, জনগণের ভোগান্তি দূর করতে সড়কের ওপর হাটবাজার না বসিয়ে খোলা স্থানে বসানোর জন্য প্রশাসনের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল কবির বলেন, গোড়াই-সখীপুর-ঢাকা সড়কের ওপর ও আশপাশে হাটবাজার বসানোর কোনো অনুমোদন নেই। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।