বান্দরবান প্রতিনিধি
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় দ্বিতীয় পর্যায়ে আরো ৪২ হাজার ৫০০ সেট সোলার প্যানেল স্থাপন করা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির একান্ত সহকারী সচিব সাদেক হোসেন চৌধুরী বুধবার এ তথ্য জানান। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় দ্বিতীয় পর্যায়ে সোলার প্যানেল প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পের অধীনে তিন পার্বত্য জেলার দুর্গম ও সীমান্তবর্তী অফ গ্রিড এলাকায় ১০০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ৪০ হাজার সেট সোলার হোম সিস্টেম এবং পাড়া কেন্দ্র, ছাত্রাবাস ও কমিউনিটি সেন্টারে ৩২০ ওয়াট ক্ষমতাসম্পন্ন ২ হাজার ৫০০ সেট সোলার কমিউনিটি সিস্টেম সরবরাহ ও স্থাপন করা হবে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে তিন বছর।
