সন্ধ্যা নদীর ভাঙন থেকে দুই বিদ্যালয় রক্ষার দাবি

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৫০

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

নিজের বিদ্যালয় নদীভাঙনের কবলে। যে কোনো সময় বিলীন হতে পারে সন্ধ্যা নদীতে। এজন্য মানববন্ধন করে সরকারের কাছে বিদ্যালয় রক্ষার জন্য দাবি জানানো হবে। এ খবর পেয়ে বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী তার মায়ের হাত ধরে হাজির হয়েছিল নিজের বিদ্যাপিঠে। নিজের আগ্রহে প্রধানমন্ত্রীর কাছে বুকে প্ল্যাকার্ড জড়িয়ে মঙ্গলবার অন্যদের সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়েছিল।

প্ল্যাকার্ডে সে নিজের মতো করে লিখেছে, ‘প্রধানমন্ত্রীর দৃষ্টি চাই, স্থায়ী বাঁধ চাই’ সন্ধ্যা নদীর ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য। শিশু শিক্ষার্থীর ঐ আবেদন ছিল সবার দৃষ্টিতে। ঐ এলাকার বিহারী লাল একাডেমি ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি সন্ধ্যা নদীর ভাঙনের হুমকিতে রয়েছে। যে কোনো সময় নদীতে বিলীন হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান  দুটি। এজন্য  বিদ্যালয়সংলগ্ন নদীর তীরে মানববন্ধন ঐদিন অনুষ্ঠিত হয়েছে। ইলুহার ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বিহারী লাল একাডেমির প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ এলাকাবাসী এবং অভিভাবকরা জানান, ভাঙন রোধের ব্যাপারে  সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন  জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান দুটি রক্ষায় কার্যকর পদক্ষে নেওয়া হয়নি।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস জানান, বরাদ্দ পেলেই ভাঙন রোধে কাজ শুরু করা হবে।