কলমাকান্দা-বিশরপাশা সড়কে বড় বড় গর্ত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৫১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা-বিশরপাশা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে যান চলাচল বিঘ্ন হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা বিভাস সাহা বলেন, ড্রেন সিস্টেম না থাকায় পানি জমে সড়কগুলো বিনষ্ট হচ্ছে। এলজিইডির উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন বলেন, বরাদ্দ এলে ড্রেনসহ সড়কগুলো নতুন করে নির্মাণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, এ ব্যাপারে এলজিইডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সংসদ সদস্য মানু মজুমদার বলেন, কলমাকান্দার সব সড়কই এখন নষ্ট। নতুন করে নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।