সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ দিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাগণকে বিকাল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিগণকে বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
