আড়াই মাসে খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা ২৯৭ জনের শরীরে শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১১ জুন খুলনা বিভাগে সর্বনিম্ন ৬ জনের ও গত ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও কুষ্টিয়ায় সর্বোচ্চ দুইজন করে মৃত্যু হয়েছে। এছাড়া নড়াইল, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৮১৭ জনের শরীরে শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৯৬১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪ হাজার ৯৭১ জন।
ইত্তেফাক/ইউবি
