সিলেট বিভাগে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:২৭

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। তবে বেড়েছে মৃত্যু। এ সময় ১২ জনের মৃত্যু হয়। ১৮১ জন শনাক্ত হন। 

নতুন মৃত্যুসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৭ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৬ জন। এর আগে মৃত্যু ৫ এ নেমে এসেছিল। তবে সিলেট বিভাগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৩ জন। 
বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান এর আগে বুধবার ১০ জনের মৃত্যু ও ২৩০ জন আক্রান্ত হয়েছিল।

নতুন  শনাক্ত হওয়া ১৮১ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৩৬ জনে। 
যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭১০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৩৭, হবিগঞ্জ জেলায় ৬ হাজার ২৩৯ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬১৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৪৩৪ জন।
 শনাক্ত হওয়া ১৮১ জন করোনা আক্রান্ত রোগীর ৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৪৩ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জন রোগীর করোনা শনাক্ত হন।

সিলেটে বিভাগে বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ১৬ শতাংশ। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরও ১২ জন রোগী। তাদের ১১ জনই সিলেট জেলার অধিবাসী। আর একজন রোগী সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হন ৩২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, একজন হবিগঞ্জে ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ১৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০২ জন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২৭৬ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, ৬ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৯৩ জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪২ হাজার ২০৫ জন। 

ইত্তেফাক/এনএ