বেকারত্বের উপহার ও করণীয়

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৪০

সমাজে বেকারত্ব পরিচয়টা যেন অভিশাপ ছাড়া আর কিছুই নয়। জীবনের মূল্যায়ন যেন অর্থের ওপর নির্ভরশীল, এমনকি আত্মমর্যাদাও। উপার্জনের উত্স না থাকায় স্বস্তিতে কোনো নিশ্বাস ফেলাও অস্বস্তিকর।

অবশ্য বেকারত্বের আড়ালেও ভালো কিছুর অবস্থান বিদ্যমান, যা খুঁজে বের করতে হয়। একজন ব্যক্তিকে ‘বেকারত্ব’ প্রথম যে উপহার প্রদান করে তা হলো ‘সময়’, যা অত্যন্ত মূল্যবান। হতে পারে বেকারত্ব আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহ চান যে, আপনি তাকে আরো বেশি সময় দিন ও বেশি করে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন এবং তার কাছে বেশি ইস্তেগফার করুন যেন আপনি ক্ষমা লাভ করতে পারেন। হয়তো এমন সময় উপস্থিত হতে পারে, যখন রবের সঙ্গে আপনার অনেকাংশে দূরত্ব বেড়ে যাবে। তিনি হয়তো আরো চান যে, আপনি বেকারত্বের এই সময়টাকে কাজে লাগিয়ে যোগ্যতা অর্জন করুন, নিজের ভেতর লুকিয়ে থাকা প্রদীপের কিরণ বৃদ্ধি করুন এবং সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথ বের করুন। আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির ভাগ্য পরিবর্তন করেন না, যে নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থাকে না। সুরা ইনশিরাহর ৫ ও ৬ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় কষ্টের সঙ্গেই রয়েছে সুখ। সুতরাং প্রথমে কষ্ট মেনে নিতে হবে, যদি বেকারত্বের জীবন কাটিয়ে সুখ লাভ করতে চান।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সুরা আসরের প্রথম আয়াতে সময়ের শপথ করে এর গুরুত্ব কতটুকু তা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা জীবনে যে জিনিসকে সবচেয়ে কম গুরুত্ব দিই এবং অধিক মাত্রায় যা অপচয় করি তা হলো ‘সময়’। ‘সময়’ এমন একটা আল্লাহর দান যা ধনী-গরিব, উঁচু-নিচু, ছোট-বড় সবাই একই পরিমাণ উপভোগ করে থাকে।

বেকারত্বের পেছনে যেহেতু বেশি পরিমাণ সময় উপস্থিত। তাই, কোনো একটা কাজে সাফল্য লাভ সম্ভব হয়। বেকারত্বের সময় আমাদের যে কাজগুলো করা সম্ভব তা হলো—বেশি বেশি আল্লাহর স্মরণে আমরা লিপ্ত থাকতে পারি, কোরআন পাঠ শুদ্ধ করতে পারি, একাডেমিক স্কিল বৃদ্ধি করতে পারি, যে কোনো বিষয়ের ওপর গবেষণা করতে পারি, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এক্সেপশনাল কিছু করতে পারি, যে কোনো প্রকার হাতের বিদ্যা অর্জন করতে পারি, বেশি বেশি বই পড়তে পারি, বেশি পরিমাণ শারীরিক ব্যায়াম করতে পারি, পাশাপাশি রোজাও রাখতে পারি এবং পারিবারিক বিভিন্ন কাজে সময় ব্যয় করতে পারি ইত্যাদি। অতএব, বেকারত্বের গুরুত্ব না বুঝে হতাশা আর নিরাশার জালে বন্দি হয়ে অন্ধের মতো গড়াগড়ি করার চেয়ে বেকারত্বের দেওয়া সেরা উপহার ‘সময়’কে কাজে লাগিয়ে আলোর পথ উন্মোচন করা একজন চিন্তাশীল ব্যক্তির জন্য অপরিহার্য।

lলেখক :শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম