স্পোর্টস রিপোর্টার
দুয়ারে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের মঞ্চে থাকবেন বিশ্বকাপ জয়ী সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তাকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিজেদের দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আর জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে নিজেদের দায়িত্বে তিনি দলের ব্যাটিং বিভাগের দেখভাল করবেন। অন্যদিকে দলে আগে থেকেই থাকা ব্যাটিং কোচ গ্রায়েম হিক মূলত দলটিকে আসন্ন অ্যাশেজের জন্য প্রস্তুত করে তুলবেন।
বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। এর আগেই মে মাসের প্রথম থেকে ব্রিসবেনে শুরু হবে দলটির প্রাক-টুর্নামেন্টে প্রস্তুতিমূলক ক্যাম্প। যদিও, এর আগে পন্টিং ব্যস্ত থাকবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। কারণ তিনি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিল্লী ডেয়ারডেভিলসের কোচ। আইপিএল শেষ করেই তিনি যোগ দেবেন অস্ট্রেলিয়া দলে। আগামী এক জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।
নতুন দায়িত্ব পেয়ে পন্টিং বেশ উচ্ছ্বসিত। এর আগেও বিভিন্ন সময়ে স্বল্প মেয়াদে দলটির সাথে ছিলেন। ২০১৭ ও ২০১৮ সালে কিছুদিনের জন্য তাকে টি-টোয়েন্টি দলের সহকারী কোচের দায়িত্বে দেখা গিয়েছিল। এবার তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে আছেন। বললেন, ‘আমি বিশ্বকাপে দলের কোচিং গ্রুপে যোগ দিতে মুখিয়ে আছি। এর আগেও অল্প কিছুদিনের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব আমি পেয়েছি। তবে, বিশ্বকাপ সব সময়ই আলাদা এক গুরুত্ব বহন করে। আমি দলের খেলোয়াড় ও নির্বাচকদের ওপর বিশ্বাস রাখছি। আশা করি সবাই মিলে ভাল একটা ফলাফল বের করে আনতে পারবো।’
