নেত্রকোনায় পৌর সড়কে চলবে দুই রঙের অটো

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৪৯

নেত্রকোনা পৌর এলাকায় যানজট কমাতে পৌর কর্তৃপক্ষ সীমিত আকারে অটো চালানোর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে দিনে দুই শিফটে অটো চলাচল করবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। এজন্য অটোগুলোকে দুটি রঙের চিহ্নিত করা হচ্ছে। কমানো হয়েছে অটোর লাইসেন্স ফিও।

বৃহস্পতিবার নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, শুধু পৌর এলাকার লাইসেন্সধারী অটোই নয়, ইউনিয়নের শত শত  অটোও পৌর এলাকায় এসে যাত্রী নিয়ে চলাচল করছে। ফলে মারাত্মক যানজটের সৃষ্টি হওয়ায় পৌর কর্তৃপক্ষ দুই শিফটে অটো চলাচলের জন্য এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, দুই শিফটে চলাচলের জন্য সব অটোর সামনের অংশে দুটি কালার করে দেওয়া হচ্ছে। সাদা এবং হলুদ রং দেওয়া হচ্ছে। সাদা এবং হলুদ রঙের অটোগুলো দিনের দুই ভাগে চলবে। আর পৌর এলাকার বাইরের লাইসেন্সধারী কোনো অটোই আর পৌর এলাকায় ঢুকতে পারবে না। এতে করে পৌর এলাকায় যানজট অনেকাংশে কমে যাবে উল্লেখ করে তিনি আরো জানান, করোনাকালীন সময়ে অটো চলাচল বন্ধ থাকায় এবার তাদের লাইসেন্স ফিও কমানো হয়েছে। প্রতি অটোতে আড়াই হাজার টাকা করে লাইসেন্স ফি কমানো হয়েছে। এতে পৌরসভার বার্ষিক আয় কমেছে ৭০ লাখ টাকা।

নেত্রকোনা পৌর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, পৌরসভার এ পদক্ষেপ খুব ভালো। কিছুটা হলেও যানজট কমবে। তবে কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে। এ ব্যাপারে পুলিশেরও সহায়তা করা উচিত বলে তিনি মন্তব্য করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এম ফখরুজ্জামান জুয়েল বলেন, পৌর এলাকার যানজট কমাতে ট্রাফিক পুলিশ সবসময় পৌর কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে। দুই কালারের অটো দুই শিফটে চলাচল করলে যানজট আরো কমবে বলেও তিনি মন্তব্য করেন। দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রপত্রিকায় নেত্রকোনা পৌর এলাকার যানজটে নাকাল পৌরবাসী এ নিয়ে বেশ কয়েকবার সচিত্র খবর প্রকাশিত হয়েছে।