প্রথম দিনে পারভেজ ও শাহানাজের স্বর্ণ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫১

স্পোর্টস রিপোর্টার

জাতীয় তায়কোয়ানডোর প্রথম দিনেই বেশ লড়াই হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে উদ্বোধনী দিনে সিনিয়র পুরুষদের লড়াইয়ে সেনাবাহিনীর পারভেজ ৫৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক জিতেছেন।

এই বিভাগের লড়াইয়ে বিজিবির সাইফুল রৌপ্য, আনসারের হামজা মাহমুদ এবং রাজশাহীর শাওন ব্রোঞ্জ পদক পেয়েছেন। একই দিনে নারী বিভাগেও লড়াই হয়েছে। সিনিয়র নারীদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে আনসারের শাহনাজ পারভিন স্বর্ণ জিতেছেন। সেনাবাহিনীর জান্নাতুল শিখা রৌপ্য জয় করেন। রাজশাহীর রজনী এবং রাঙ্গামাটির রুবী ব্রোঞ্জ পেয়েছেন।

জাতীয় তায়কোয়ানডোর এটি ১৬তম আসর। জেলা সার্ভিসেস দল সহ ৬০০ খেলোয়াড় অংশগ্রহণ করছে বলে জানিয়েছে তায়কোয়ানডো ফেডারেশন।

ট্রাষ্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত গতকাল সকালে জাতীয় তায়কোয়ানডোর উদ্বোধন করেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ সামছুল হক।